শিরোনাম

বগুড়ায় ডিবির অভিযানে ৩০ লাখ টাকার আইসসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বগুড়াঃ

বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে সদর থানার পিটিআই মোড় এলাকার একটি হোটেলের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল জানতে পারে, কক্সবাজার থেকে সড়কপথে বিপুল পরিমাণ আইস নিয়ে এক মাদক ব্যবসায়ী বগুড়ার দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে এসআই ইফতেখায়রুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল নির্দিষ্ট এলাকায় অবস্থান নেয়।

পরে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পরিহিত পায়জামার ডান পকেট থেকে কালো পলিথিনে মোড়ানো তিনটি প্লাস্টিকের কৌটার ভেতর বিশেষ কৌশলে রাখা ৩০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ আইয়ুর আলী (৩৫)। তিনি কক্সবাজার জেলার চরকিয়া থানার পূর্ব কৈয়ারবিল এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম মোঃ আবুল কাশেম। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

মোঃ আব্দুর রহিম রিফাত,

চ্যানেল টেন, বগুড়া । 

No comments