কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় তিন ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ
অনাবৃষ্টি ও তীব্র তাপদাহের কারণে কাপ্তাই হ্রদের পানির স্তর আশঙ্কাজনকভাবে কমে গেছে, যার প্রভাব পড়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উৎপাদনে। পানির স্বল্পতায় কেন্দ্রটির ৫টি ইউনিটের মধ্যে ৩টিতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।
গতকাল রোববার (১২ এপ্রিল) সকাল ১১টায় কেন্দ্রটির ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সব ইউনিট সচল থাকলেও পর্যাপ্ত পানির অভাবে ৩টি ইউনিট চালানো যাচ্ছে না। বর্তমানে ১ ও ২ নম্বর ইউনিটে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে মোট ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
২৩০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় চালু থাকলে প্রায় ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। তবে পানির ঘাটতির কারণে উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বর্তমানে হ্রদের পানির স্তর ৮১ দশমিক ০২ মিন সি লেভেল (এমএসএল), যেখানে স্বাভাবিকভাবে এ সময় পানির স্তর থাকার কথা ৮৫ দশমিক ৮০ এমএসএল। উল্লেখ্য, পানির স্তর ৬৮ এমএসএলে নেমে গেলে উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, শিগগির ভারি বৃষ্টিপাত হলে হ্রদের পানির স্তর বাড়তে পারে এবং বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে।
এদিকে, কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় শুধু বিদ্যুৎ উৎপাদনই নয়, হ্রদের ওপর নির্ভরশীল স্থানীয় মানুষের জীবনযাত্রাও ক্রমেই দুর্বিষহ হয়ে উঠছে।

No comments