বকেয়া বেতনের দাবিতে ইপিজেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
চ্যানেল টেন ডেস্কঃ
বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ০৯:১৫ মিনিটের সময় তারা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় মহাসড়কে অবস্থান নেন। এর আগে শ্রমিকরা ইপিজেড এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে এসে জড়ো হন। পরে সড়কের ওপর অবস্থান নিয়ে অবরোধ শুরু করলে মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী ও পরিবহন চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে বেলা সোয়া ১১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
নাসা গ্রুপের শ্রমিক কামাল হোসেন অভিযোগ করেন, কোনো পূর্ব নোটিশ ছাড়াই কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে শ্রমিকদের বেতন বকেয়া রাখা হয়েছে। তাদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
No comments