শিরোনাম

বগুড়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত, শোভাযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

বগুড়া প্রতিনিধিঃ

স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ প্রতিপাদ্যে বগুড়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, ডেপুটি সিভিল সার্জন, বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি একই স্থানে এসে শেষ হয়।

পরে সিভিল সার্জন ডা. মোঃ খুরশীদ আলমের সভাপতিত্বে কার্যালয়ের বন্ধন সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মেডিকেল অফিসার ডা. মোঃ আজিজুল হাকিম এবং স্বাগত বক্তব্য দেন ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম নুর-ই শাদীদ।

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. মোঃ খুরশীদ আলম বলেন, শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতা নিশ্চিত করতে বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবার বিকল্প নেই। তিনি সবাইকে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিলেন্স অ্যান্ড ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডা. তারেক মোঃ রেজা দিবসের প্রতিপাদ্য বিষয়ে তথ্যবহুল উপস্থাপনা দেন। এছাড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, টিএমএসএস-এর উপনির্বাহী পরিচালক ডা. মোঃ মতিউর রহমানসহ অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন।

দিবসের কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সরকারি শাহ সুলতান কলেজ ইউনিটের সহযোগিতায় সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে রক্তচাপ, রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরো থেকে প্রেরিত পোস্টার ও লিফলেট বিভিন্ন উপজেলা ও অংশগ্রহণকারীদের মধ্যে বিতরণ করা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে দিবসটি যথাযথভাবে উদযাপন করা হয়েছে।

No comments