শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় হামের লক্ষণ উদ্বেগজনক হারে বাড়ছে, মেঝেতে চিকিৎসা নিচ্ছে রোগীরা



চ্যানেল টেন ডেস্কঃ

ব্রাহ্মণবাড়িয়ায় হামের লক্ষণ নিয়ে শিশুদের হাসপাতালে ভর্তির সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে এখন পর্যন্ত ৫১ জন বিভিন্ন বয়সের শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে সাতজনের শরীরে ইতোমধ্যে হাম শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, বর্তমানে সেখানে ২৭ জন শিশু ভর্তি রয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও সাতজন শিশুকে ভর্তি করা হয়েছে। আক্রান্ত শিশুদের জন্য হাসপাতালটিতে আলাদা আইসোলেশন সেন্টার চালু করা হলেও জায়গার সংকট মারাত্মক আকার ধারণ করেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আইসোলেশন ওয়ার্ডে শয্যা রয়েছে মাত্র ১০টি। কিন্তু সেখানে চিকিৎসা নিচ্ছে ২৭ জন রোগী। ফলে অধিকাংশ শিশুকেই মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। গরমের মধ্যে এমন পরিস্থিতিতে চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। অনেকেই অভিযোগ করেছেন, পর্যাপ্ত জায়গা ও শয্যার অভাবে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।

এদিকে, রোগ নির্ণয়ের জন্য আক্রান্ত শিশুদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রিপোর্ট হাতে পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে কারা হাম রোগে আক্রান্ত।

চিকিৎসকরা জানান, হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হচ্ছে এবং বেশি করে পানি পান করার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি শিশুরোগ বিশেষজ্ঞরা রোগের অবস্থা অনুযায়ী নিয়মিত চিকিৎসা দিচ্ছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আক্তার হোসেন বার্তা বাজার কে বলেন, হামের লক্ষণ নিয়ে আসা শিশুদের আইসোলেশন সেন্টার তৈরি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেলায় হামের প্রাদুর্ভাব ঠেকাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।


No comments