স্বপ্ন থেকে বাস্তব, মাকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে বউ নিয়ে এলো ছেলে
চ্যানেল টেন ডেস্কঃ
মায়ের স্বপ্ন পূরণ করতে হেলিকাপ্টারে করে বউ নিয়ে এসেছেন এক মালয়েশিয়া প্রবাসী। নিজ বাড়ি থেকে হেলিকপ্টারে করে কনের বাড়িতে যান। বিয়ের আনুষ্ঠানিতকা শেষ করে আবার নববধূকে হেলিকপ্টারে করে ফিরে এসেছেন প্রবাসী রাজিব তালুকদার। ব্যতিক্রমী এমন বিয়ের আয়োজন দেখতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে জড়ো হয়েছেন এলাকার লোকজন।
শনিবার (২৫ এপ্রিল) নেত্রকোণা আটপাড়া উপজেলার কুলশ্রী গ্রামের মৃত আছাব উদ্দিন তালুকদারের ছেলে প্রবাসী রাজিব তালুকদার পাশের মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের সাখাওয়াত হোসেনের মেয়ে রাইসা আক্তারের বিয়েকে কেন্দ্র করে এমন আয়োজন করা হয়।
পরিবাররের সদস্যরা জানান, মালোশিয়া প্রবাসী যুবক রাজিব অল্প বয়সে হারিয়েছেন বাবাকে। জীবিকার তাগিদে বেছে নেন প্রবাসী জীবন। রাজিব মালয়েশিয়া যাওয়ার পর তার মা আবদার করেন, হেলিকপ্টারে করে বউ আনতে যাবে। মায়ের এমন ইচ্ছাকে বাস্তবে রূপ দিতেই এমন ব্যতিক্রম আয়োজন। হেলিকপ্টারে কনে এনে মায়ের বহুদিনের স্বপ্ন পূরণ করেছেন মালয়েশিয়া প্রবাসী এই যুবক। শুধু তাই নয়, ছেলের সঙ্গে হেলিকপ্টারে চড়ে নিজেই পুত্রবধূকে বাড়িতে নিয়ে আসেন রাজিবের মা।
রাজিবের মা বলেন, আমার ছেলে বিদেশ যাওয়ার পর থেকে আমার ইচ্ছা ছিল, আমার ছেলে যদি ভালোভাবে বিদেশ থেকে ফিরে আসতে পারে, তাহলে আমি ছেলেকে হেলিকপ্টারে করে বিয়ে করাব। উপরওয়ালা আমার সেই ইচ্ছা পূরণ করেছেন, আমি খুশি।
রাজিব তালুকদার বলেন, আমরা দশ ভাইবোনের মধ্যে আমি সবার ছোট। বিদেশ যাওয়ার পর আমার কাছে দাবি জানায়, যদি ভালো একটি পরিবারে বিয়ে করাতে পারে, তাহলে ছেলের বউকে হেলিকপ্টারে করে নিয়ে আসবে। মায়ের ইচ্ছা পূরণ করতে আমার এই আয়োজন।
হেলিকপ্টারে নবদম্পতির আগমনকে কেন্দ্র করে কুলশ্রী গ্রামসহ আশপাশের এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। এমন আয়োজন দেখতে নারী, পুরুষ ও শিশুসহ শত শত মানুষ ভিড় করেন।
No comments