ট্রাম্পকে যিশু খ্রিস্টের সঙ্গে তুলনা করলেন নারী উপদেষ্টা, যুক্তরাষ্ট্রে তীব্র বিতর্ক
চ্যানেল টেন ডেস্কঃ
হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যিশু খ্রিস্টের সঙ্গে তুলনা করেছেন ট্রাম্পের দীর্ঘদিনের আধ্যাত্মিক উপদেষ্টা পাউলা হোয়াইট-কেইন। তার এই বক্তব্য ঘিরে যুক্তরাষ্ট্রে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। পাউলা হোয়াইট-কেইনের এই মন্তব্যকে কেউ দেখছেন ধর্মীয় অবমাননা হিসেবে, আবার কেউ বলছেন এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নাটকীয় কথাবার্তা।
সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট বলছে, হোয়াইট হাউসে আয়োজিত ইস্টার লাঞ্চে ট্রাম্পের ব্যক্তিগত আধ্যাত্মিক উপদেষ্টা পাউলা হোয়াইট-কেইন তার বক্তব্যে ট্রাম্পের জীবনের সঙ্গে যিশু খ্রিস্ট–এর জীবনের তুলনা করেন। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।
পাউলা হোয়াইট-কেইন ট্রাম্পের দুই মেয়াদেই আধ্যাত্মিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বুধবারের বক্তব্যে তিনি ট্রাম্পের আইনি লড়াই ও হত্যাচেষ্টার ঘটনাগুলোর সঙ্গে যিশুর জীবনের দুর্দশা ও ভোগান্তির মিল খুঁজে সামনে আনেন।
আধ্যাত্মিক উপদেষ্টা পাউলা হোয়াইট-কেইন যখন এই মন্তব্য করেন তথন ট্রাম্প তার পেছনেই দাঁড়িয়ে ছিলেন। মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্টকে উদ্দেশ করে পাউলা হোয়াইট-কেইন বলেন, ‘যিশু তার মৃত্যু, সমাধি ও পুনরুত্থানের মাধ্যমে আমাদের অনেক শিক্ষা দিয়েছেন। তিনি দেখিয়েছেন, বড় পরিবর্তনের জন্য বড় ত্যাগ দরকার।’
এরপর তিনি বলেন, ‘মিস্টার প্রেসিডেন্ট, আপনার মতো মূল্য আর কেউ দেয়নি। এতে প্রায় আপনার জীবন চলে যাচ্ছিল। আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, মিথ্যা অভিযোগ আনা হয়েছে— এটি সেই একই ধারা, যা আমাদের প্রভু ও ত্রাণকর্তা দেখিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘কিন্তু তার ক্ষেত্রে যেমন শেষ হয়নি, আপনার ক্ষেত্রেও শেষ হয়নি। ঈশ্বরের সবসময় একটি পরিকল্পনা থাকে। তৃতীয় দিনে তিনি পুনরুত্থিত হন, তিনি অশুভকে পরাজিত করেন, মৃত্যু ও কবরকে জয় করেন। আর তিনি উঠে দাঁড়িয়েছিলেন বলেই আমরা জানি, আমরাও উঠতে পারি। স্যার, তার পুনরুত্থানের কারণেই আপনিও উঠে দাঁড়িয়েছেন।’
তিনি বলেন, ‘তিনি বিজয়ী ছিলেন, আপনিও বিজয়ী। এবং আমি বিশ্বাস করি, প্রভু আমাকে বলতে বলেছেন— তার বিজয়ের কারণেই আপনি আপনার সব কাজে সফল হবেন।’
পাউলা হোয়াইট-কেইনের বক্তব্য শেষে উপস্থিতদের করতালি শোনা যায়। জবাবে ট্রাম্প হাসিমুখে ‘ধন্যবাদ’ বলেন। তবে যিশু খ্রিস্টের সঙ্গে ট্রাম্পের এই তুলনাকে সামাজিক মাধ্যমে ‘পাগলামি’ হিসেবে আখ্যা দেয়া হয়েছে। ক্যাথলিক ধর্মতাত্ত্বিক রিচ রাহো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘এটি ধর্মদ্রোহী বক্তব্য। মঞ্চে একজন মার্কিন বিশপ দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রাম্পকে যিশুর সঙ্গে তুলনা করা অবাক করার মতো।’
আরেক ব্যবহারকারী সাইয়েদ জাদা লিখেছেন, ‘যদি প্রতিটি নেতা সমালোচনার মুখে পড়ে নিজেকে ত্রাণকর্তার মতো দাবি করতে শুরু করে, তাহলে ইতিহাস হাস্যকর হয়ে যাবে। বিশ্বাস পবিত্র বিষয়। এটিকে হোয়াইট হাউসের লাঞ্চে প্রচারণার উপকরণ বানানো ঈশ্বরীয় কিছু নয়, এটি নাটকীয়তা।’
আরেকজন লিখেছেন, ‘আমি একজন ক্যাথলিক হিসেবে এটিকে সম্পূর্ণ ধর্ম অবমাননাকর ও অপমানজনক মনে করি’। এছাড়া জেফ টিমার নামে এক রাজনৈতিক কৌশলবিদ মন্তব্য করেন, ‘এরা উন্মাদ, মিথ্যাবাদী, প্রতারক— খ্রিস্টান নয়।’
পাউলা হোয়াইট-কেইন কে?
পাউলা হোয়াইট-কেইন ২০১৯ সালে হোয়াইট হাউসে অফিস অব পাবলিক লিয়াজোঁর অধীনে ধর্মীয় উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পান। তবে জানা যায়, ২০০২ সাল থেকেই ট্রাম্পের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। সেসময় মূলত টেলিভিশনে তার অনুষ্ঠান দেখে ট্রাম্প নিজেই তাকে ফোন করেছিলেন।
তিনি ট্রাম্প প্রশাসনের ইভানজেলিকাল ভোট ধরে রাখার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০১৭ সালে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানেও তিনি বক্তব্য দেন।
অবশ্য পাউলা হোয়াইট-কেইন বরাবরই বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত। ২০২০ সালে এক ধর্মীয় বক্তব্যে তিনি যিশুকে আহ্বান জানিয়ে ‘সব শয়তানি গর্ভধারণ নষ্ট করে দিতে’ বলেন। এছাড়া তিনি হোয়াইট হাউসকে ‘পবিত্র ভূমি’ বলেছিলেন এবং দাবি করেছিলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পকে না বলা মানে ঈশ্বরকে না বলা।’
No comments