শিরোনাম

হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন, মরদেহ লুকানোর দায়ে মায়ের ৭ বছর জেল

চ্যানেল টেন ডেস্কঃ

পিরোজপুরের নেছারাবাদে আট বছর আগে মিলন বাহাদুর নামে এক মোটরসাইকেল চালককে হত্যার দায়ে দুই আসামিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে মো. তাজিম নামে এক যুবককে যাবজ্জীবন ও তার মা রেহানা বেগমকে সাত বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে পিরোজপুর দায়রা জজ আদালতের বিচারক মজিবুর রহমান এ আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের মো সিদ্দিকুর রহমানের স্ত্রী রেহানা বেগম ও তাদের সন্তান মো. তাজিম।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি বিকেলে নেছারাবাদ উপজেলার বয়ারহুলা মোটরসাইকেলস্ট্যান্ড থেকে মিলন বাহাদুরের মোটরসাইকেল ভাড়া নেন তাজিম ও আরেক যুবক। রাতে বাড়ি না ফেরায় মিলনকে খুঁজতে থাকে পরিবার। তার ফোনও বন্ধ থাকে। ১২ ফেব্রুয়ারি নেছারাবাদ থানায় সাধারণ ডায়েরি করেন মিলনের বাবা শাহাদাত বাহাদুর।

১৪ ফেব্রুয়ারি তাজিমের বাড়ির শৌচাগারের সেপটিক ট্যাংক থেকে মিলনের মরদেহ উদ্ধার করা হয়। ওই দিন পাঁচজনকে আসামি করে মিলনের বাবা নেছারাবাদ থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আকন বলেন, আদালত তাজিমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন। মরদেহ সেপটিক ট্যাংকে লুকানোর দায়ে তাজিমের মা রেহানা বেগমকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, আনাদায়ে আরও তিন মাস কারাভোগের আদেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, রায় ঘোষণার সময় রেহানা উপস্থিত ছিলেন। তার ছেলে পলাতক রয়েছেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অন্য দুই অভিযুক্তকে মামলা থেকে অব্যহতি দিয়েছেন আদালত।

No comments