বগুড়ার ধুনট বেলকুচি ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা পুলিশ লাঞ্ছিতের অভিযোগ; অস্বীকার ওসির
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলার বেলকুচি এলাকায় একটি ফিলিং স্টেশনে তেল বিক্রি নিয়ে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পুলিশ সদস্য লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠলেও বিষয়টি অস্বীকার করেছে থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক তেল সংকটের প্রেক্ষাপটে বেলকুচি এলাকার ওই ফিলিং স্টেশনে প্রতিদিনই মোটরসাইকেল চালকদের ব্যাপক ভিড় জমছে। কে কতটুকু তেল পাবে তা নিয়ে প্রায়ই উত্তেজনা সৃষ্টি হচ্ছে। অভিযোগ রয়েছে, তেল বণ্টনে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের হস্তক্ষেপ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে তেল নেওয়াকে কেন্দ্র করে ভোক্তা ও পাম্প সংশ্লিষ্টদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধুনট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
প্রত্যক্ষদর্শীদের একটি অংশের দাবি, পরিস্থিতি শান্ত করতে গিয়ে পুলিশের সঙ্গে অসদাচরণ করা হয় এবং ধুনট থানার এসআই নায়েবুল্লাহকে মারধর ও হেনস্তা করা হয়। তাদের অভিযোগ, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এমনকি ঘটনাস্থলে ধারণ করা কিছু ভিডিও মুছে ফেলা এবং সংশ্লিষ্টদের ভয়ভীতি দেখানোর ঘটনাও ঘটেছে।
নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, পাম্পের এক কর্মচারী জাহিদুল ইসলাম পুলিশের ওপর চড়াও হয়ে মারধর ও অকথ্য ভাষায় গালাগালি করেন। অভিযোগকারীরা আরও দাবি করেন, পাম্প কর্তৃপক্ষের সঙ্গে পুলিশের কোনো ধরনের যোগসাজশ থাকতে পারে, যার ফলে এমন ঘটনার পরও অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি।
তবে এসব অভিযোগ নাকচ করেছেন ধুনট থানার ওসি মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, ফিলিং স্টেশনগুলোতে প্রতিদিনই ভিড়ের কারণে বিভিন্ন স্থানে ছোটখাটো বিশৃঙ্খলার খবর পাওয়া যাচ্ছে। সোমবার রাত ৯টার দিকে বেলকুচির ওই পাম্পে ভোক্তা ও কর্মচারীদের মধ্যে বিশৃঙ্খলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ সদস্য লাঞ্ছিত হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “উপস্থিত জনসাধারণের অভিযোগ অনুযায়ী, স্থানীয় কোনো নেতার হাতে পুলিশ সদস্য লাঞ্ছিত হওয়ার ঘটনা সঠিক নয়।”
এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি। তবে সাধারন একজন পাম্প কর্মচারীর হাতে পুলিশ সদস্য লাঞ্ছিত হবার পরেও পুলিশের নিরবতার ঘটনা সাধারণ মানুষদের ভাবিয়ে তুলেছে এবং রীতিমত এ ঘটনা নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।
No comments