ট্রাম্প-নেতানিয়াহুর যুদ্ধ জোট পরীক্ষার মুখে
চ্যানেল টেন ডেস্কঃ
ইরানের নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করার দীর্ঘদিনের লক্ষ্য পূরণে এগিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ঘনিষ্ঠ সামরিক জোট এখন পরীক্ষার মুখে। কারণ যৌথ অভিযান দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে এবং আগামী সপ্তাহগুলোতে লক্ষ্য বদলাতেও পারে।
গত শনিবার বোমা হামলা শুরুর সময় ট্রাম্প ও নেতানিয়াহু দুজনই বলেছিলেন, লক্ষ্য হলো ইরানে শাসন পরিবর্তন। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তার নেতৃত্বের বড় অংশ নিহত হওয়ার দুদিন পর সোমবার কিন্তু ট্রাম্প হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে তেহরানের সরকার উৎখাতকে প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেননি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো ইরানের ক্ষেপণাস্ত্র ও নৌবাহিনী ধ্বংস করা এবং তাদের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানো। একই দিনে পেন্টাগনে সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, এটি তথাকথিত ‘রেজিম-চেঞ্জ যুদ্ধ’ নয়। অন্যদিকে নেতানিয়াহু সোমবার রাতেও ইরানের জনগণকে রাস্তায় নেমে শাসকদের উৎখাতের আহ্বান জানান। ফক্স নিউজকে তিনি বলেন, ‘আমরা এমন পরিস্থিতি তৈরি করব, যাতে ইরানের জনগণ নিজের ভবিষ্যৎ নিজেরা ঠিক করতে পারে।’
হোয়াইট হাউসের উদ্দেশ্য সম্পর্কে অবগত এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের লক্ষ্য এক নয়। তিনি বলেন, ‘রেজিম পরিবর্তন তাদের লক্ষ্যগুলোর একটি।’ যুদ্ধের আগে নেতানিয়াহু ট্রাম্পকে বোঝাতে সক্ষম হন যে, তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকানো এবং তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা এখনই জরুরি। ট্রাম্প বলেছেন, এ অভিযান ‘চার বা পাঁচ সপ্তাহ’ বা ‘যত সময় লাগে’ চলতে পারে।
তবে ইসরায়েলি কর্মকর্তারা ব্যক্তিগতভাবে স্বীকার করেন, শেষ পর্যন্ত যুদ্ধ কখন শেষ হবে তা ট্রাম্পই ঠিক করবেন। সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান শ্যাপিরো বলেন, ট্রাম্প চাইলে আগেভাগেই যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে পারেন।
তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যদি মনে করেন, অভিযান তার কাছে শেষ হয়েছে, আর নেতানিয়াহু তখনো শেষ করতে না চান, তবু ট্রাম্প সেটি শেষ করবেন।’
যুদ্ধ দীর্ঘ হলে এবং বিস্তৃত হলে ট্রাম্পের ওপর অভ্যন্তরীণ চাপ বাড়তে পারে। রয়টার্স/ইপসোস জরিপ অনুযায়ী, মাত্র চারজনের একজন আমেরিকান ইরানে মার্কিন হামলা সমর্থন করেন। একই সময়ে টেক্সাস ও নর্থ ক্যারোলাইনার মতো গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে প্রাইমারি ভোট শুরু হয়েছে, যা কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণে ভূমিকা রাখতে পারে।
ইরান পাল্টা হিসেবে মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে এবং ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। এতে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছে।
সংকটের কারণে জাহাজ চলাচল ও জ্বালানি উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালনে গ্যাসের দাম এ সপ্তাহে ১১ সেন্ট বেড়েছে এবং আন্তর্জাতিক বাজারে আরও বড় বৃদ্ধির ইঙ্গিত রয়েছে। যুক্তরাষ্ট্রের ভেতরে ইসরায়েল সমর্থন এখন দলীয় বিভাজনের বিষয় হয়ে উঠেছে। পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে দেখা গেছে, ৫৯ শতাংশ আমেরিকানের ইসরায়েল সরকারের প্রতি নেতিবাচক মত রয়েছে, যা এক বছর আগে ছিল ৫১ শতাংশ। হোয়াইট হাউস ও নেতানিয়াহুর দপ্তর এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
এক রাজনৈতিক টিকে থাকার লড়াই: ৭৬ বছর বয়সী নেতানিয়াহুর জন্য, এই যুদ্ধ, যা অধিকাংশ ইসরায়েলি সমর্থন করেন, অক্টোবরে নির্ধারিত নির্বাচনের আগে নিজের উত্তরাধিকার শক্ত করার সুযোগ। তবে তার জোটে ভাঙন রয়েছে, তিনি দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি (যা তিনি অস্বীকার করেন), এবং ২০২৩ সালে শুরু হওয়া বহুমুখী যুদ্ধে ইসরায়েলিরা এখনো মানসিকভাবে বিপর্যস্ত। জরিপগুলোতে পরাজয়ের ইঙ্গিত থাকলেও যদি ইসরায়েলের ক্ষয়ক্ষতি ও অর্থনৈতিক ব্যয় কম থাকে, তবে নেতানিয়াহুর জয়ের সুযোগ রয়েছে বলে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিজ্ঞানী উদি সোমার মনে করেন।
তবে রাজনৈতিক বিশ্লেষক আমোৎজ আসা-এল বলেন, ইরানে সামরিক সাফল্য পেলেও ২০২৩ সালের ৭ অক্টোবরের নিরাপত্তা ব্যর্থতার ক্ষোভ পুরোপুরি মুছে যাবে না।
No comments