বগুড়ার মুন্না হত্যা মামলার প্রধান আসামি র্যাবের হাতে ঢাকায় গ্রেফতার
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার বহুল আলোচিত আরিফুল ইসলাম মুন্না হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মোঃ সাইউম (৩৬) কে ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (২৬ মার্চ) ঢাকার তুরাগ থানার কামারপাড়া এলাকায় যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
র্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) বগুড়া এবং র্যাব-১ এর সিপিসি-২, উত্তরা, ঢাকার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
র্যাব সূত্রে জানা যায়, নিহত আরিফুল ইসলাম মুন্না (৪৩) বগুড়া সদর উপজেলার ফাঁপোড় এলাকার বাসিন্দা।
মাদক ব্যবসা সংক্রান্ত লেনদেন নিয়ে সাইউমের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ চলছিল। এ বিরোধের জেরে গত ২৩ মার্চ রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে ফাঁপোড় এলাকায় পথরোধ করে সাইউমসহ তার সহযোগীরা মুন্নাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়।
পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ২৪ মার্চ সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী নিলুফা ইয়াসমিন বাদী হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, ঘটনার পরপরই আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় সাইউম ঢাকায় আত্মগোপনে রয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
র্যাব-১২ সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার এটিসি স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ জানান, “চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের প্রধান আসামিকে দ্রুত গ্রেফতার করা সম্ভব হয়েছে। অপর আসামিদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে।”
তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার থাকবে।”

No comments