বগুড়ার সাবেক এমপি জিন্নাহ ঢাকা থেকে গ্রেফতার
বগুড়া প্রতিনিধিঃ
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামী বগুড়া-২ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ (৭৬) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বগুড়া।
শুক্রবার (২৭ মার্চ) ভোর সাড়ে ৩টার দিকে ঢাকার রমনা থানা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় ডিবির অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহারের নেতৃত্বে একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত শরিফুল ইসলাম জিন্নাহ বগুড়া জেলার শিবগঞ্জ থানার একটি মামলার পলাতক আসামী। মামলাটি গত ৭ অক্টোবর ২০২৪ তারিখে দায়ের করা হয়, যেখানে তার বিরুদ্ধে দণ্ডবিধি ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৪ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৫/৬ ধারায় অভিযোগ রয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংস ঘটনার প্রেক্ষিতে দায়ের হওয়া হত্যা মামলাসহ মোট ১০টি মামলা বর্তমানে তার বিরুদ্ধে আদালতে বিচারাধীন রয়েছে।
ডিবির ইনচার্জ মো. ইকবাল বাহার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ঢাকার রমনা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।”
পুলিশের এই অভিযানে একটি গুরুত্বপূর্ণ আসামী গ্রেফতার হওয়ায় মামলার তদন্ত কার্যক্রম আরও এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

No comments