শিরোনাম

পুলিশে ৪ হাজার এসআই নিয়োগ, পর্যালোচনা সভা কাল

চ্যানেল টেন ডেস্কঃ

দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ৪ হাজার সাব-ইন্সপেক্টর (এসআই) পদ সৃজনের প্রস্তাব নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভা ডেকেছে। আগামীকাল মঙ্গলবার (১০ মার্চ) মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই বিষয়ে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে।

রোববার (৮ মার্চ) এ সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়। এতে বলা হয়, পুলিশ অধিদপ্তর থেকে প্রাপ্ত প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটে চার হাজার এসআই (গ্রেড-১০) (নিরস্ত্র) পদ সৃষ্টির বিষয়টি আলোচনা করা হবে। সভা সকাল ১০টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে (ভবন নম্বর-৮, কক্ষ নম্বর-২০৮, তৃতীয় তলা) অনুষ্ঠিত হবে এবং এতে সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দায়িত্ব নেওয়ার পরপরই পুলিশের সব পর্যায়ে জনবলসংকট নিরসনে নিয়োগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তোলেন। গত ২৩ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে বৈঠকে তিনি শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে কনস্টেবল পদে শূন্যতা জরুরি ভিত্তিতে পূরণের নির্দেশ দেয়া হয়। এছাড়া ২৬ ফেব্রুয়ারি পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদেও দ্রুত নিয়োগের ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বর্তমানে কনস্টেবল ও পুলিশ সার্জেন্ট পদেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই পদগুলো পূরণ হলে বাংলাদেশ পুলিশের সামগ্রিক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

No comments