সিংড়ায় র্যাবের অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
আব্দুর রহিম রিফাতঃ
নাটোরের সিংড়া উপজেলায় অভিযান চালিয়ে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার শুকাশ ইউনিয়নের কচুয়া গ্রামে র্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) বগুড়ার একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কচুয়া গ্রামে কয়েকজন ব্যক্তি ইয়াবাসহ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১২ এর অধিনায়কের নির্দেশনায় বিকেল আনুমানিক ৫টার দিকে র্যাবের একটি চৌকস দল কচুয়া গ্রামের ফয়েজ প্রামানিকের বাড়িতে অভিযান চালায়।
অভিযানকালে সেখান থেকে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন, কচুয়া গ্রামের মো. রবিন প্রামানিক (৩৫), খিরপওতা গ্রামের মো. শামীম রেজা (২৮) এবং পিপলশোন গ্রামের মো. জাকিরুল ইসলাম (৪০)।
এসময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ৩টি স্মার্ট মোবাইল ফোন ও ৪টি সিমকার্ড জব্দ করা হয়।
র্যাব-১২ সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার এটিসি স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ শনিবার (১৪ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নাটোরের সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দেশকে মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর এ তৎপরতা আরও জোরদার করা হবে।

No comments