শিরোনাম

দেড়বছর পর আ.লীগ কার্যালয়ে স্বাধীনতা দিবসের ব্যানার

চ্যানেল টেন ডেস্কঃ

দীর্ঘ দেড়বছর পর পর কার্যক্রম স্থগিত থাকা বাংলাদেশ আওয়ামী লীগের বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ে সীমিত পরিসরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ পালন করা হয়েছে। দীর্ঘদিন পর আ.লীগের কর্মসূচি পালনের ঘটনায় এলাকায় আলোচনা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালবেলা কয়েকজন নেতাকর্মী বাবুগঞ্জ উপজেলার কলেজ গেটস্থ দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। একইসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ব্যানার টানানো হয়।

ব্যানারে ‘বাংলাদেশ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন, বাবুগঞ্জ উপজেলা শাখা’ উল্লেখ ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় মুখে মাস্ক পরিহিত ৫ থেকে ৬ জন নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। সংক্ষিপ্ত সময় অবস্থান করে কর্মসূচি শেষ করেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের এক সিনিয়র নেতা জানান, ভবিষ্যতে দলীয় সকল কর্মকাণ্ডে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেবেন।

তারা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন বা ব্যানার টাঙানোর কোনো তথ্য আমাদের কাছে নেই। বর্তমানে ওই কার্যালয়ে কোনো পতাকা দেখা যায়নি এবং এটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এটি পুরাতন কোন ঘটনা হতে পারে।

No comments