৩ দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপি
চ্যানেল টেন ডেস্কঃ
রাষ্ট্রপতির অভিসংশনসহ তিনটি দাবিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালন করছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টার পর থেকে তারা প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন।
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। তারা জানিয়েছেন, সংসদের প্রথম অধিবেশনে ‘জনতার দাবি’ তুলে ধরতেই এই অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।
এনসিপির প্রধান দাবিগুলো হলো—
সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে গণভোটে প্রকাশিত মতামত অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন করা,
রাষ্ট্রপতিকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করা,
জুলাই গণহত্যার বিচারের নিশ্চয়তা দেওয়া।
দলটির বক্তব্য, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র ও সংবিধানের সংস্কার এবং ন্যায়বিচার নিশ্চিত করাই এই দাবির উদ্দেশ্য।
অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বেলা ১১টায় শুরু হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন উদ্বোধন করা হয়। নতুন স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন কায়সার কামাল।
এর আগে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করেছে। জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়ী হয়। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিসসহ কয়েকটি দলও সংসদে প্রতিনিধিত্ব করছে।
No comments