শিরোনাম

ঈদে পাঁচ দিনের যুদ্ধবিরতিতে যাচ্ছে পাকিস্তান-আফগানিস্তান

চ্যানেল টেন ডেস্কঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। সৌদি আরব, কাতার ও তুরস্কের অনুরোধে ইসলামাবাদ এ সিদ্ধান্ত নেয়। একইসঙ্গে তালেবান সরকারও তাদের সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ রাখার আশ্বাস দিয়েছে। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

গত সোমবার (১৬ মার্চ) কাবুলের একটি মাদক নিরাময় কেন্দ্রে ভয়াবহ বিমান হামলায় চার শতাধিক মানুষের মৃত্যু হয় এবং আহত হন অন্তত ২৬৫ জন। নিহতদের মধ্যে অনেকের গণজানাজা অনুষ্ঠিত হয় এবং পরে কাবুলের উপকণ্ঠে গণকবরে দাফন করা হয়।

দুই হাজার শয্যার ওমিদ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে তালেবান সরকার। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করে জানায়, তারা কেবল সন্ত্রাসী অবকাঠামো ও সামরিক লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালিয়েছে।

পরিস্থিতির প্রেক্ষিতে পাকিস্তান পাঁচ দিনের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দেয়। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, বুধবার (১৮ মার্চ) রাত ১২টা থেকে আগামী সোমবার (২৩ মার্চ) রাত ১২টা পর্যন্ত এ যুদ্ধবিরতি কার্যকর থাকবে।

এদিকে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদও নিশ্চিত করেছেন, ঈদ উপলক্ষে তারাও সামরিক তৎপরতা স্থগিত রাখবে।

বর্তমান পরিস্থিতিতে জাতিসংঘ উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়ে আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানের পথ খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করেছে।

No comments