বগুড়ায় সরকারি চাল দিলেন নিষিদ্ধ শ্রমিকলীগ নেতা
চ্যানেল টেন ডেস্কঃ
বগুড়ার নন্দীগ্রামে নিষিদ্ধ শ্রমিক লীগের সাধারণ সম্পাদককে সঙ্গে নিয়ে সরকারি ভিজিএফ চাল বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান। একটি ছবিতে এমন দৃশ্য দেখে সর্বত্রই চলছে সমালোচনা।
রোববার (১৫ মার্চ) উপজেলার ভাটরা ইউনিয়নের কুমিড়া পন্ডিতপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ উপহারের চাল বিতরণ করা হয়। এ কার্যক্রম উদ্বোধন করেন ভাটরা ইউনিয়ন পরিষদ প্যানেল-১ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুর রহমান।
চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের প্রচার প্রকাশনা সম্পাদক নাজমুল হুদা। তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বামপাশে গা ঘেঁষে দাঁড়িয়ে ফটোসেশন করে চলে যান।
এদিকে, সরকারি চাল বিতরণ কার্যক্রমে শ্রমিকলীগ নেতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয়রা। ভাটরা ইউনিয়নের সর্বত্রই সমালোচনা চলছে। তারা বলছেন, আওয়ামী লীগ পতনের আগে দাপুটে ছিলেন শ্রমিকলীগ ও যুবলীগ নেতা নাজমুল। তিনি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের অনুসারী। জুলাই আগস্টে আন্দোলন চলাকালে নাজমুল প্রকাশ্যে যুবলীগের সঙ্গে বৈঠকে বসে ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশনা দেয়।
ভাটরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুর রহমান বলেন, চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন কাজে তাকে ডাকা হয়নি। ফটোসেশনের সময় কখন দাঁড়িয়েছে বুঝতেও পারিনি। তার শ্রমিকলীগ যুবলীগ পদ পদবির বিষয়ে আমার জানা ছিল না।
তিনি জানান, ভাটরা ইউনিয়নে ২২৩১ গরীব-অসহায় পরিবারের মাঝে ভিজিএফ ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ইউপি সদস্যদের নিয়ে স্বচ্ছভাবে তালিকা তৈরি করেছি। চাল সামান্য হলেও পরিবারগুলো কিছুটা উপকৃত হবে।
No comments