শিরোনাম

মিডিয়া হাউসের চেয়ে ইউটিউবারের প্রভাব বেশি: তথ্যমন্ত্রী

চ্যানেল টেন ডেস্কঃ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সারা পৃথিবীতে গণমাধ্যম জগতের চেহারা এবং কাঠামোতে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। প্রতিষ্ঠিত মিডিয়া হাউসের চেয়েও একজন ইউটিউবারের প্রভাব-প্রতিপত্তি এবং পরিধি অনেক বেশি বেড়ে গেছে। এটি হয়েছে তথ্যপ্রযুক্তি এবং কমিউনিকেশন সায়েন্সের রূপান্তরিত পরিস্থিতির কারণে।

আজ বুধবার সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘অনলাইন পত্রিকা, আইপি টিভির মতো কিছু প্লাটফর্ম তৈরি হয়েছে। ফলে আগের মতো আমরা বা সরকার চাইলেই পুরোনো নিয়ন্ত্রণের আইন কাঠামো… তার আওতার মধ্যে এগুলো পড়ে না। আবার এগুলো কিন্তু আমাদের সভ্যতার অনুষঙ্গে পরিণত হয়েছে। ফলে পুরো ব্যাপারটাই একটা স্ট্র্যাটেজিক ডিসকাশন।’

জহির উদ্দিন স্বপন বলেন, ‘গণমাধ্যম সংক্রান্ত বিষয়ে আমরা স্টেক হোল্ডারদের সঙ্গে নিয়েই একটি স্ট্র্যাটেজিক মুভ (পরিকল্পিত পদক্ষেপ) নিতে চাই। এজন্য আমি কোনো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত মন্তব্য করতে চাচ্ছি না আপাতত।’

তিনি বলেন, ‘গণমাধ্যমকর্মীদের এক ধরনের নিরাপত্তা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করার নৈতিক দায়িত্ব তথ্য মন্ত্রণালয়ের। এই নৈতিক দায়িত্ব পালনে কোনো উদ্যোক্তার প্রতি কি পরিমাণ চাপ প্রয়োগ করা যাবে, তার কোনো আইন নেই। ফলে সবটাই আমাদের একটা স্ট্র্যাটেজিক ডিসকাশনের মধ্যে আনতে হবে। আমি আপনাদের সবার সহযোগিতা চাই এ বিষয়ে।’

No comments