একযোগে তিন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
চ্যানেল টেন ডেস্কঃ
সৌদি আরব, কুয়েত এবং ইরাকে ড্রোন ও রকেট হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় দুটি পৃথক বিবৃতিতে জানিয়েছে, তাদের পূর্বাঞ্চলে ড্রোন দিয়ে হামলার চেষ্টা করা হয়েছে। তবে এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে।
এ ছাড়া দেশটির প্রিন্স সুলতান বিমানঘাঁটির পাশে একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে বলেও জানানো হয়েছে। তবে এতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের দিকে রকেট ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে। যেগুলো প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে।
অপরদিকে ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে হামলার চেষ্টা হয়েছে। ড্রোনের কারণে সেখানে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরে দূতাবাসের পাশে আগুন জ্বলতে দেখা গেছে।
এ ছাড়া বাহরাইনেও সাইরেনের শব্দ শোনা গেছে। তবে সেখানে কোনও ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। এসব হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা শুরু করে ইরান।
সবশেষ মঙ্গলবার (১৭ মার্চ) ইসরায়েলের বিমান হামলায় ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলি লারিজানি ও বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলাইমানি নিহত হন। এরপর নতুন করে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন স্থাপনায় হামলার ধার বাড়িয়েছে ইরান।
সূত্র: আল জাজিরা
No comments