যেভাবে মারা যান নেতানিয়াহু, দাবি ইরানি সংবাদমাধ্যমের
চ্যানেল টেন ডেস্কঃ
ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিহত হয়েছেন। একই প্রতিবেদনে বলা হয়, হামলার সময় ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভর আহত হয়েছেন। তবে এই দাবির পক্ষে এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি।
তাসনিম নিউজের খবরটি মূলত মার্কিন সাবেক গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটার নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের পোস্টের ওপর ভিত্তি করে প্রকাশ করা হয়েছে। ওই পোস্টে বলা হয়, নেতানিয়াহুর সরকারি বাসভবনে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ঘটনাস্থলেই তিনি নিহত হন। তবে যে অ্যাকাউন্ট থেকে এই পোস্টটি করা হয়েছে, সেটি সত্যিই স্কট রিটারের কিনা, নাকি ভুয়া—এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রতিবেদনে নেতানিয়াহুর মৃত্যুর কোনো সরাসরি প্রমাণ, ছবি বা ভিডিও উপস্থাপন করা হয়নি। বরং কিছু পরিস্থিতিগত তথ্য তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে নেতানিয়াহুর সাম্প্রতিক কোনো ভিডিও ক্লিপ প্রকাশ না হওয়া, তার বাসভবনের আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং মার্কিন ও ফরাসি কর্মকর্তাদের সফর বা ফোনালাপ সংক্রান্ত কিছু তথ্য।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। দপ্তরের তথ্য অনুযায়ী, নেতানিয়াহুর সর্বশেষ প্রকাশ্য কার্যক্রম ছিল গত ৭ মার্চ। সেদিন তিনি ইসরায়েলের বিরশেবা এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় আহতদের দেখতে গিয়েছিলেন।
উল্লেখ্য, এর আগেও ইরানি কিছু সংবাদমাধ্যম একই ধরনের দাবি করেছিল। গত ২ মার্চ প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছিল, হামলায় নেতানিয়াহু নিহত হয়েছেন। তবে পরে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া-সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সেই খবরকে ভিত্তিহীন গুজব হিসেবে উল্লেখ করে।
No comments