শিরোনাম

সম্পত্তি নিয়ে সন্তানদের নির্যাতনে বাবার মৃত্যুর অভিযোগ



চ্যানেল টেন ডেস্কঃ

ভোলার দৌলতখান উপজেলায় পৈতৃক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে ছেলে-মেয়েদের নির্যাতনে ছিদ্দিক ফকির (৭৫) নামে এক বৃদ্ধ বাবার মৃত্যুর অভিযোগ উঠেছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ। রোববার (২২ মার্চ) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফকির বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহতের মেজো ছেলে নুরনবী অভিযোগ করে বলেন, আমার বাবার মোট ৩ ছেলে ও ২ মেয়ে রয়েছে। গত কয়েকদিন ধরে পারিবারিক সম্পত্তির জন্য আমার ভাই নুর ছালেহ, নুর মোহাম্মদ ও বোন ইয়াসমিন এবং শারমিন মিলে বাবাকে চাপ দিয়ে আসছিল। বিষয়টি সমাধানের জন্য বাবা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের তার বাড়িতে এনে ছেলেমেয়েদের সাথের দ্বন্দ্ব মেটানোর চেষ্টা করেও ব্যর্থ হন। সর্বশেষ গতকাল রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আমি বাবার বসতঘরে এলে আমার সামনেই বাকি ছেলে-মেয়ে ও বড় ছেলের সন্তান তৌহিদ বাবাকে মারধরসহ মাথায় আঘাত করে এবং আমাকেও মারধর করে। একপর্যায়ে বাবা ছিদ্দিক ফকির ঘটনাস্থলেই মারা যান।

দৌলতখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সিকদার ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ছিদ্দিক ফকিরের সাথে তার সন্তানদের পারিবারিক সমস্যা ছিল বলে জানা গেছে। এ ঘটনায় থানায় এখনো লিখিত অভিযোগ পাইনি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments