শিরোনাম

‘পুলিশ হ/ত্যা/র বিচার যু/দ্ধে/র ময়দানে ফয়সালা হয়ে গেছে’

চ্যানেল টেন ডেস্কঃ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ হত্যার ঘটনাগুলোর বিচার প্রসঙ্গটি “যুদ্ধের ময়দানেই ফয়সালা হয়ে গেছে”। সোমবার বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন-এর এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বিষয়টিকে একটি বড় রাজনৈতিক প্রশ্ন হিসেবে উল্লেখ করে জানান, জুলাই যোদ্ধাদের ইনডেমনিটি ও আইনি-সাংবিধানিক সুরক্ষা দেওয়ার অঙ্গীকার ‘জুলাই জাতীয় সনদে’ রয়েছে। সেই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের সময় ‘জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ’ জারি করা হয়েছে, যা বর্তমানে সংসদে উপস্থাপিত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ঘটনার বিচার নিয়ে প্রশ্ন ওঠার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি এ ধরনের বিচার শুরু হয়, তাহলে ১৯৭১ সালে রাজাকার হত্যার জন্য মুক্তিযোদ্ধাদের বিচার চাওয়ার প্রশ্নও উঠে আসতে পারে।

তিনি আরও দাবি করেন, গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর ‘হানাদার বাহিনীর মতো’ হামলা চালানো হয়েছিল এবং সেখানে ‘ম্যাসাকার’ ও ‘গণহত্যা’ ঘটেছে। জনতার প্রতিরোধে কিছু মানুষ নিহত বা আহত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুলাই যোদ্ধাদের সুরক্ষা দিতে জারি করা অধ্যাদেশ নিয়ে সংসদে ঐকমত্য রয়েছে এবং এ বিষয়ে জাতি ঐক্যবদ্ধ।

No comments