শিরোনাম

৩ দিন করে ডিজেল ও অকটেন দেওয়ার সিদ্ধান্ত



চ্যানেল টেন ডেস্কঃ

রাঙ্গামাটিতে নতুন নিয়মে রুটিন অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ শুরু করেছে ফিলিং স্টেশনগুলো। সোমবার (২৯ মার্চ) শহরের সব পাম্পে একযোগে এ নিয়ম কার্যকর হতে দেখা গেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত গণপরিবহন ও সাধারণ মানুষ ডিজেল সংগ্রহ করতে পারবেন। একই দিনে বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত সরকারি যানবাহনের জন্য ডিজেল সরবরাহ করা হবে। অন্যদিকে শনি, সোম ও বুধবার একই সময়সূচিতে অকটেন ও পেট্রোল বিক্রি করা হচ্ছে। জেলা প্রশাসন গত শনিবার বিকেল থেকে পরীক্ষামূলকভাবে এ নিয়ম চালু করে।

নতুন এই ব্যবস্থার ফলে নিরাপত্তা, শৃঙ্খলা ও অবৈধ মজুদ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। নির্ধারিত সময় অনুযায়ী পাম্পগুলোতে জ্বালানি বিক্রি হওয়ায় আগের তুলনায় বিশৃঙ্খলা কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাম্পগুলোতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ সময় লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত–এর নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করেন।

তবে ভোর থেকেই গ্রাহকদের দীর্ঘ লাইনে দাঁড়াতে দেখা গেছে। অনেকেই সকাল ৯টার আগে এসে সিরিয়াল নিচ্ছেন। গ্রাহকদের একাংশ সময়সূচি এগিয়ে সকাল ৮টা থেকে বিক্রি শুরুর দাবি জানিয়েছেন, যাতে অফিসগামী মানুষ সুবিধা পান।

অন্যদিকে জ্বালানি সংকটের কারণে নৌ চলাচল, কৃষি সেচ ও পর্যটন খাতেও প্রভাব পড়ছে। রাঙ্গামাটি লঞ্চ মালিক সমিতি জানিয়েছে, জেলার ১০ উপজেলায় চাহিদার তুলনায় প্রায় অর্ধেক জ্বালানি সরবরাহ করা হচ্ছে। কাপ্তাই হ্রদে প্রায় ১০টি রুটে চলাচলকারী ৩০টি লঞ্চের দৈনিক ১২০০ থেকে ১৫০০ লিটার তেলের প্রয়োজন হয়। বর্তমানে মাত্র দুই থেকে আড়াই দিনের তেল মজুদ রয়েছে, যা শেষ হয়ে গেলে নৌ চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।

শহরের বনরুপা এলাকার মেসার্স হিল ভিউ ফিলিং স্টেশন অ্যান্ড পেট্রোল পাম্প–এর ব্যবস্থাপক মো. ইসমাইল জানান, নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত জ্বালানি বিক্রি করা হচ্ছে, এতে শৃঙ্খলা ফিরেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থা রাঙ্গামাটি জোনের চেয়ারম্যান মঈনুদ্দীন সেলিম বলেন, বর্তমান মজুদ দিয়ে সর্বোচ্চ দুই থেকে আড়াই দিন চলা সম্ভব। এর মধ্যে নতুন সরবরাহ না এলে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যেতে পারে।

জ্বালানি সরবরাহ তদারকির দায়িত্বে থাকা ভিজিল্যান্স টিমের জেলা আহ্বায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন জানান, পরীক্ষামূলকভাবে রুটিন পদ্ধতিতে বিক্রি শুরু হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী সময়সূচিতে পরিবর্তন আনা হতে পারে। পাশাপাশি পাম্পগুলোতে ট্যাগ অফিসার, পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রাখা হয়েছে।

No comments