শিরোনাম

নাটোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশ সদস্য আহত

চ্যানেল টেন ডেস্কঃ

নাটোরের গুরুদাসপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের এক এএসআই আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারের রসুন হাট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক পৌর মেয়র মশিউর রহমান বাবলু ও পৌর মেয়র প্রার্থী দুলাল সরকারের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় এএসআই আজিজ গুরুতর আহত হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার জানান, ‘বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ হস্তক্ষেপ করলে এএসআই আজিজ আহত হন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

No comments