শিরোনাম

মক্কা বিজয় মানবিক সমাজ গঠনে এক অণীনুস্মরয় দৃষ্টান্ত



চ্যানেল টেন ডেস্কঃ

মহা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছেন মক্কা বিজয়ের সময়। দীর্ঘ দুই দশকেরও বেশী সময় ধরে যে কাফেররা নিকৃষ্টতম নির্যাতন পরিচালনা করেছে, ঠাট্টাবিদ্রুপ, পথে কাটা বিস্তার , হত্যার ষড়যন্ত্র, দেশ থেকে বিতাড়ণ এবং বিনা উস্কানীতে আক্রমণ করার মত বর্বরোচিত অপরাধ চালিয়েছে অবলীলায়। মক্কা বিজয়ের দিন মানবতার অগ্রপ্রতীক মহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবকিছু ভূলে গিয়ে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন।

মক্কার সর্দার আবু সুফিয়ান আজ চকিত, মক্কার অদূরে পাহাড় চূড়ায় দাঁড়িয়ে স্বচক্ষে অবলোকন করছিলেন মুসলিম সেনাদের শৌর্যবীর্য। বিভিন্ন গোত্রের বীরগণ স্বতন্ত্র দলে বিভক্ত হয়ে কাবার পানে ছুটে চলছে।

পতাকার পর পতাকা ফৌজের পর ফৌজ আবু সুফিয়ানের সম্মুখ দিয়ে চলে যাচ্ছিল, তিনি স্তম্ভিত হয়ে দর্শন করতেছিলেন। অবশেষে আনসারদের গোত্র এমন রণসম্ভারে অভূতপূর্ব শানশওকতে দৃষ্টি পথে আসলো যে, আবু সুফিয়ানের চক্ষুস্থির হয়ে গেল। আবু সুফিয়ান জিজ্ঞেস করলেন এরা কারা? এ সময় সে দলের নেতা হযরত সাআদ রাযিয়াল্লাহু আনহু তাকে লক্ষ্য করে বললেন: আজ ঘোরতর যুদ্ধের দিন আজ কা’বা শরীফ পবিত্র করা হবে। এতে আবু সুফিয়ান আরো বেশি শঙ্কিত হয়ে পড়লেন।

আবু সুফিয়ান বিষন্নমনে ছুটে গেলেন মানবতার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে, বিমর্ষভাবে আমতা আমতা স্বরে আর্তনাদ করে উঠলেন: মুহাম্মদ! তুমি কি তোমার স্বজনদেরকে হত্যা করার আদেশ দিয়েছ ?

তিনি বললেন না, কখনো নয়। তখন আবু সুফিয়ান হযরত সা’আদ রাযিয়াল্লাহু আনহু’র উক্তি নিবেদন করে ফ্যালফ্যাল নেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মুখের দিকে তাকিয়ে রইলেন। নবীজি গম্ভীয় স্বরে উত্তর দিলেন সা’আদের কথা সত্য নয়, আজ প্রেম ও করুণার দিন।

সাথে সাথে আদেশ দিলেন ঐ উক্তির জন্য সাআদকে অপসারণ করে – তদস্থলে তাঁর পুত্রকে ঐ পদে নিযুক্ত করার জন্য। হযরত সাআদ রাযিয়াল্লাহু আনহু এই আদেশ অবনত মস্তকে মেনে নিলেন। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু সুফিয়ানকে বললেন ‘আবু সুফিয়ান! তুমি গিয়ে মক্কা বাসীদেরকে অভয় দাও, আজ তোমাদের প্রতি কোনই কঠোরতা করা হবে না। তুমি আমার পক্ষ থেকে নগরময় ঘোষণা করে দাও – ১. যে ব্যক্তি আত্মসমর্পন করবে অথবা ২. কা’বায় প্রবেশ করবে, অথবা ৩. যারা নিজেদের গৃহদ্বার বন্ধ করে রাখবে, অথবা ৪. যারা আবু সুফিয়ানের গৃহে প্রবেশ করবে, তারা সবাই নিরাপদ।

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর এই ভাষণ শুনে, তাঁর এই আচরণ দেখে সমবেত সবাই ঘোষণা করলেন সত্যি আপনি আল্লাহর নবী, আপনি কেবল কোন দেশ বিজয়ী সাধারণ বীর যোদ্ধা বা বাদশা নন। মক্কা বিজয়ের পর পরাজিত শত্রুর প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আচরণ ও তার ভাষণ পৃথিবীর ইতিহাসে এক বিরল ও নজিরবিহীন ঘটনা। যা আজকের বিশ্ব ব্যবস্থায় মানবিক সমাজ গঠনে এবং ভ্রাতৃত্ব পুনঃস্থাপণ ও জাতিকে ঐক্যবদ্ধ করতে এক অনুপমেয়, অনুকরণীয় ও অনুস্মরণীয় দৃষ্টান্ত হতে পারে। আল্লাহ তায়ালা বলেন – অবশ্যই যে সবর করে ও ক্ষমা করে নিশ্চয় এটা সাহসিকতার কাজ।(সূরা আশ শুরা: ৪৩)।

No comments