স্বরাষ্ট্রমন্ত্রীর সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর যুবদল নেতার হামলা
চ্যানেল টেন ডেস্কঃ
কক্সবাজার বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের আগমনের সাংবাদ সংগ্রহকালে যুবদল নেতা আমির আলীর নেতৃত্বে সাংবাদিকদের ওপর হামলা, মারধর ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
রোববার (৮ মার্চ) বিকেলে কক্সবাজার বিমানবন্দর এলাকায় কর্মরত সাংবাদিকদের ওপর এই হামলার ঘটনা ঘটে। এসময় অন্তত দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমির আলীর নেতৃত্বে কয়েকজন যুবদল নেতা-কর্মী সাংবাদিকদের ওপর এই হামলা চালায়। এসময় স্থানীয় টেলিগ্রাম নিউজের সাংবাদিক মুহাম্মদ আবান এবং কালের কণ্ঠ অনলাইনের কক্সবাজার প্রতিনিধি মিশু দাশ গুপ্তসহ আরও কয়েকজন সাংবাদিক মারধরের শিকার হয়েছেন।
হামলাকারীরা ডিবিসি টেলিভিশনের ক্যামেরাপারসন বাবু, কক্সবাজার বার্তার জালালের মুটোফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।
আহত সাংবাদিক আবান বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী এখানে তোদের কাছে কী- এই কথা বলে প্রথমে বুকে লাথি মারেন যুবদল নেতা আমির আলি। পরে মাটিতে ফেলে যুবদল নেতা রফিকুল ইসলাম মিয়াজিসহ কয়েকজন মিলে এলোপাতাড়ি লাথি মারতে থাকেন।’
সাংবাদিক মিশু দাশ গুপ্ত বলেন, ‘আমি যখন প্রশ্ন করি সাংবাদিকদের ওপর হামলা কেন করা হয়েছে, তখন আমার ওপরও হামলা করা হয়।
এ বিষয়ে যুবদল নেতা আমির আলীর বক্তব্য জানতে চাওয়া হলে মারধরের কথা অস্বীকার করে বলেন, দলীয় কর্মী মনে করে হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে। ভিডিও মারধরের প্রমান রয়েছে উল্লেখ করা হলে, তিনি বিষয়টি সমাধান করতে আগ্রহী বলে জানান।
এদিকে ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মারধরের বিষয়টি স্বীকার করে সাংবাদিকদের আরও মারধরের হুমকি দিয়েছেন কক্সবাজার জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজি। তার এমন বক্তব্য ঘিরে সাংবাদিকদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এদিকে ঘটনার পরপরই সাংবাদিকরা কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে তাৎক্ষণিক প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
No comments