মাথায় ঝুড়ি নিয়ে খাল খনন উদ্বোধন করলেন বগুড়া-৪ আসনের এমপি মোশারফ হোসেন
বগুড়া জেলার কাহালু উপজেলায় জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকাল ১১টার দিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বগুড়ার বাস্তবায়নে ২০২৫–২০২৬ অর্থবছরের আওতায় এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জানা যায়, উপজেলার জিয়া খালের প্রায় ১ দশমিক ৪০০ কিলোমিটার অংশ পুনঃখনন করা হবে। এ কাজের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোশারফ হোসেন (এমপি) বলেন, খালটি পুনঃখনন করা হলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার অনেকটাই সমাধান হবে। এতে কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে এবং কৃষি উৎপাদনও বৃদ্ধি পাবে। পাশাপাশি স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, খাল ও জলাধারগুলো রক্ষণাবেক্ষণের মাধ্যমে এলাকার পরিবেশ ও কৃষি ব্যবস্থা টেকসই করা সম্ভব।
স্থানীয়রা কৃষক জাহিদুল ইসলাম বলেন, খালটি পুনঃখননের মাধ্যমে বর্ষা মৌসুমে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন হবে এবং কৃষিকাজসহ দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি), বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বগুড়ার কর্মকর্তাবৃন্দ, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

No comments