কালিয়াকৈরে ৯টি ঘোড়াসহ ৫ জন আটক, জবাইয়ের প্রস্তুতির অভিযোগ
সজিব হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকার একটি জঙ্গল থেকে ৯টি ঘোড়া উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি ট্রাক ও একটি প্রোবক্স প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ ১২-৬৮১০) জব্দ করা হয়। ঘোড়া জবাইয়ের প্রস্তুতিকালে ৫ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, লাইলাতুল কদরের রাতে এলাকাবাসী যখন ইবাদতে ব্যস্ত ছিলেন, ঠিক সেই সময় একটি চক্র অবৈধভাবে ঘোড়া জবাই করে ঢাকাসহ বিভিন্ন এলাকায় মাংস সরবরাহের প্রস্তুতি নিচ্ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দুই দিন আগেও একই জঙ্গল থেকে আরও দুটি ঘোড়া উদ্ধার করা হয়েছিল। এছাড়া জঙ্গলের বিভিন্ন স্থানে ঘোড়ার মাথা, পা ও চামড়ার অংশ পাওয়া যায়। এতে সন্দেহ হলে এলাকাবাসী গোপনে পাহারা শুরু করেন। পরে তাদের তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন— ফুলবাড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার মজিবুর রহমানের ছেলে মোজাম্মেল হক মুন্না (৩৫), কেরানীগঞ্জের কালু পাঠানের ছেলে আবুল হোসেন (৩৮), শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামের রহমতুল্লাহর ছেলে আশরাফুল আলম (৪৫), টঙ্গীর এরশাদনগরের সাজ্জাদ (৪১)সহ আরও একজন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ঘোড়াগুলো নিরাপদে রাখা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

No comments