বগুড়ায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেফতার
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১২। গ্রেফতারকৃত আসামি মোঃ সাজেদুল হক সাজু (৩৮)।
র্যাব জানায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি দল সদর থানার খানদার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। তিনি দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়িয়ে সেখানে আত্মগোপনে ছিলেন।
র্যাব সূত্রে জানা যায়, সাজু বগুড়া সদর থানার ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে জিআর নং-১৫৯/২০১৮ (শিবগঞ্জ) মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ১(ক) ধারায় ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।
অভিযান শেষে তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২, সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, “মাদকের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতি রয়েছে।
সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের আইনের আওতায় আনতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব সবসময় তৎপর রয়েছে।”
র্যাব জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
No comments