শিরোনাম

দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা আসলাম চৌধুরীর

চ্যানেল টেন ডেস্কঃ

দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা করেছেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের এমপি লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী। তিনি বলেন, নির্মাণ সামগ্রী জোরপূর্বক বিক্রি, কৃষিজমির মাটি কাটা, মাদক ব্যবসা এবং চাঁদাবাজির মতো অবৈধ কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। এসব কার্যক্রমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে উল্লেখ করে তিনি জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

সোমবার মুরাদপুর ইউনিয়নের সমুদ্র তীরবর্তী এলাকায় ইতালি প্রবাসী যুবদল নেতা নূর মোহাম্মদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের এমপি নুরুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধুরী আরো বলেন, সীতাকুণ্ডে চলমান উন্নয়ন প্রকল্পসমূহ যথাযথভাবে বাস্তবায়িত হলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে। পরিবেশ সংরক্ষণ, পরিকল্পিত শিল্পায়ন এবং টেকসই উন্নয়নের মাধ্যমে সীতাকুণ্ডকে আধুনিক ও বিনিয়োগবান্ধব শিল্পাঞ্চলে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে নুরুল আমিন বলেন, এ ধরনের পুনর্মিলনী মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সীতাকুণ্ডবাসীর সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে সন্তোষ প্রকাশ করেন।

No comments