শিরোনাম

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলা: ২০ আসামি গ্রেফতার

চ্যানেল টেন ডেস্কঃ

সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে চাঞ্চল্যকর র‍্যাব সদস্য আব্দুল মোতালেব হত্যা মামলায় এ পর্যন্ত মোট ২০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব-৭ ও জেলা পুলিশের পৃথক অভিযানে এসব আসামিদের গ্রেফতার করা হয়। এর মধ্যে র‍্যাব-৭ গ্রেফতার করেছে ১৩ জনকে এবং জেলা পুলিশ ৭ জনকে।

শনিবার (২৮ মার্চ) র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, গত ২৭ মার্চ র‍্যাব-৭ ও র‍্যাব-১১-এর যৌথ অভিযানে নোয়াখালীর কবিরহাট থেকে মামলার ২৯ নম্বর আসামি মো. পারভেজকে গ্রেফতার করা হয়। একই দিন পৃথক অভিযানে পাহাড়তলী এলাকা থেকে মো. বেলাল এবং বায়েজিদ বোস্তামী এলাকা থেকে সাইদুল ইসলামকে গ্রেফতার করা হয়।

এর আগে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে এজাহারনামীয় ও পলাতক আরও বেশ কয়েকজন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। যার মধ্যে কক্সবাজার থেকে আলীরাজ হাসান প্রকাশ সাগর, আকবরশাহ এলাকা থেকে শফিকুল ইসলাম মাস্টার এবং পতেঙ্গা এলাকা থেকে মামলার ২৬ নম্বর আসামি খন্দকার জাহিদ হোসেন অন্যতম। এছাড়াও সীতাকুণ্ড, দক্ষিণ কাট্টলী, চান্দগাঁও এবং বায়েজিদ বোস্তামী এলাকা থেকেও বেশ কয়েকজন আসামিকে আইনের আওতায় আনা হয়েছে।

র‍্যাব কর্মকর্তা আরও জানান, এই হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান পরিচালনাকালে দুষ্কৃতিকারীরা র‌্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। যেখানে চারজন র‌্যাব সদস্য আহত হন এবং আব্দুল মোতালেব নামে র‍্যাবের সদস্য নিহত হত।

এই ঘটনায় র‌্যাব-৭ চট্টগ্রাম বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ২৯ জনকে এজাহারনামীয় এবং ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে ২২ জানুয়ারি মামলা দায়ের করে।

এরপরই আভিযানিক দল পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ২০ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেফতার আসামিদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

.

No comments