শিরোনাম

পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে ১৫ দফার শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রের



চ্যানেল টেন ডেস্কঃ

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যখন বারুদের গন্ধ আর লাশের মিছিল, ঠিক তখনই পর্দার আড়ালে শুরু হয়েছে জোরদার কূটনৈতিক তৎপরতা। চলমান রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে ইরানের কাছে ১৫ দফার একটি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, তেহরানের কাছে এই প্রস্তাব পৌঁছানো হয়েছে রাষ্ট্র পাকিস্তানের মাধ্যমে

কূটনৈতিক সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্রের এই ১৫ দফার কাঠামোতে ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর সামুদ্রিক নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে স্থান পেয়েছে। এই প্রস্তাবের মাধ্যমে ওয়াশিংটন তেহরানকে একটি সুনির্দিষ্ট সীমারেখার মধ্যে আসার আহ্বান জানিয়েছে।

এই সংঘাত নিরসনে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের ভূমিকা এখন আলোচনার তুঙ্গে। বিশেষ করে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির এই প্রক্রিয়ায় প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করছেন বলে জানা গেছে। ইসলামাবাদ ইঙ্গিত দিয়েছে, তেহরান ও ওয়াশিংটন একমত হলে তারা সরাসরি আলোচনার আয়োজন করতেও প্রস্তুত।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরানের সঙ্গে তার ‘খুব ভালো ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে তিনি ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণাও দিয়েছেন। তবে তেহরান এই দাবির সত্যতা অস্বীকার করে জানিয়েছে, তৃতীয় কোনো দেশের মাধ্যমে বার্তা এলেও ওয়াশিংটনের সঙ্গে সরাসরি কোনো সংলাপে তারা বসেনি।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধ এখন চতুর্থ সপ্তাহে গড়িয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা এবং ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় প্রাণহানির পাশাপাশি অবকাঠামোর অপূরণীয় ক্ষতি হয়েছে। এর প্রভাবে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম ও আকাশপথের নিরাপত্তা নিয়ে চরম অস্থিরতা বিরাজ করছে।

বিশ্লেষকদের মতে, ১৫ দফার এই প্রস্তাব শান্তির পথ খুলে দিলেও এর বাস্তবায়ন সহজ নয়। ইসরায়েলের কঠোর অবস্থান আর রণক্ষেত্রের বাস্তব পরিস্থিতির ওপরই নির্ভর করছে এই কূটনৈতিক উদ্যোগের ভবিষ্যৎ।ইরানকে ১৫ দফার প্রস্তাব যুক্তরাষ্ট্রের।

No comments