শিরোনাম

এসিল্যান্ডের গাড়িতে ফিলিং স্টেশন থেকে বোতলে তেল নেয়ার ভিডিও ভাইরাল

 



চ্যানেল টেন ডেস্কঃ

রাজবাড়ীর কালুখালী উপজেলার একটি ফিলিং স্টেশন থেকে বোতলে করে পেট্রোল নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদউল্লাহর সরকারি গাড়ির পেছনে একাধিক বোতলে তেল নিতে দেখা যাওয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

জানা গেছে, সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শেখ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। প্রায় ৩ মিনিট ১৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সাদা রঙের একটি সরকারি গাড়ি থেকে কয়েকজন ব্যক্তি একাধিক বোতল ও ক্যান নামিয়ে পেট্রোল নিচ্ছেন। প্রথমে তিনটি বোতল নামানো হয়, পরে আরও দুটি বোতল আনা হয়। পাম্পকর্মীরা একটি সাদা ক্যানসহ বিভিন্ন বোতলে পেট্রোল ভরতে দেখা যায়।

ভিডিওতে উপস্থিত একজনকে বলতে শোনা যায়, সবগুলো কি এসিল্যান্ড স্যারের বোতল? জবাবে সংশ্লিষ্টরা ‘হ্যাঁ’ বলেন। পরে প্রতি বোতলে কত লিটার তেল নেয়া হচ্ছে জানতে চাইলে পাম্পকর্মীরা জানান, প্রতিটিতে পাঁচ লিটার করে দেয়া হচ্ছে। ভিডিওতে একাধিক ক্যান ও বোতল দেখা গেলেও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দাবি করেছেন, তিনি নিজে একটি বোতলে পাঁচ লিটার পেট্রোল নিয়েছেন।

ভিডিও ধারণের সময় ফিলিং স্টেশনে শতাধিক মোটরসাইকেল তেলের জন্য লাইনে অপেক্ষা করছিল। এ সময় মোটরসাইকেল চালকদের চাকার ওপর চিহ্ন দিয়ে তেল সরবরাহ করা হচ্ছিল, যাতে কেউ পুনরায় লাইনে দাঁড়িয়ে তেল নিতে না পারে।

এ ঘটনায় স্থানীয় এক সংবাদকর্মী বিপ্লব বিশ্বাস অভিযোগ করেন, তেল নেয়ার বিষয়ে জানতে চাইলে এসিল্যান্ড তার ক্যামেরায় হাত দেন এবং অসৌজন্যমূলক আচরণ করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদউল্লাহ বলেন, তেল নেয়ার সময় আমি নিজেই উপস্থিত ছিলাম। উপজেলা ভূমি অফিসের জরুরি প্রয়োজনে একটি বোতলে পাঁচ লিটার পেট্রোল নেয়া হয়েছে। বোতলে নেয়ার কারণে বিষয়টি দৃষ্টিকটু মনে হতে পারে, তবে এতে কোনো আইনগত বাধা নেই। লাইসেন্স ছাড়া খোলাবাজারে পেট্রোল বিক্রি করাই অবৈধ।

ভিডিওতে একাধিক ক্যান দেখা যাওয়ার বিষয়ে তিনি বলেন, আমাকে দেখে অন্যরাও ক্যান নিয়ে এসেছে। তাদের নিষেধ করা হয়েছে।

সংবাদকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, অচেনা কেউ হঠাৎ মুখের সামনে ক্যামেরা ধরলে স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া হয়। পরিচয় না দিয়েই ক্যামেরা ধরায় তাকে ক্যামেরা সরাতে বলেছি।



No comments