শিরোনাম

মাদারগঞ্জে সাত দিন ধরে পাম্পে তেল নেই, বাজারে পেট্রোল ৩৫০ টাকা


হৃদয় হাসান

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জে টানা সাত দিন ধরে পেট্রোল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকসহ সাধারণ মানুষ।

উপজেলার গুরুত্বপূর্ণ দুটি পাম্প—লাবনী ফিলিং স্টেশন ও তুহিন মৌসুমি ফিলিং স্টেশনে সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন ধরে পেট্রোল ও অকটেন সরবরাহ বন্ধ রয়েছে। পাম্পগুলোতে তেল না থাকায় ক্রেতারা ফিরে যাচ্ছেন খালি হাতে।

ফলে জরুরি প্রয়োজনে অনেকেই বাধ্য হয়ে খোলা বাজার থেকে চড়া দামে তেল কিনছেন। বর্তমানে বাজারে প্রতি লিটার পেট্রোল ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

স্থানীয় মোটরসাইকেল চালকরা জানান, পাম্পে তেল না পাওয়ায় তাদের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। অনেকেই দ্বিগুণ দামে তেল কিনতে বাধ্য হচ্ছেন, যা সাধারণ মানুষের জন্য বড় চাপ সৃষ্টি করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, “পাম্পে তেল না থাকায় বাজারে দালালরা সুযোগ নিচ্ছে। বাধ্য হয়ে বেশি দামে কিনতে হচ্ছে।”

এদিকে পাম্প সংশ্লিষ্টরা জানান, সরবরাহ সংকটের কারণেই তারা তেল বিক্রি করতে পারছেন না। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী, যাতে স্বাভাবিক মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা যায়।

No comments