রাতের আঁধারে বগুড়ায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলায় মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।
বুধবার (২৬ মার্চ) রাত ১২টার পর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের দাবি করে একটি ভিডিও প্রকাশ করা হয়। তবে ভিডিওটি উপজেলার কোন শহীদ মিনারে ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।
ভিডিওটি শাজাহানপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলী ইমামের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে আপলোড করা হয়। এতে কয়েকজন নেতাকর্মীকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ মুজিবুর রহমানের প্রতি সালাম’, এবং ‘শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরবেন’—এমন বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
তবে ভিডিওতে কারো মুখমণ্ডল স্পষ্টভাবে দেখা যায়নি। শুধুমাত্র শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং স্লোগান প্রদানের দৃশ্য দেখা যায়।
এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল বলেন, “ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
No comments