বগুড়ায় সাংবাদিককে নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতার মানহানিকর পোস্ট, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নিন্দা
চ্যানেল টেন ডেস্কঃ
বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির প্রাক্তন কোষাধ্যক্ষ ও একুশে টেলিভিশনের বগুড়া জেলা প্রতিনিধি এ.কে. আজাদকে জড়িয়ে অকথ্য এবং আপত্তিকর ভাষায় ফেসবুক পোস্ট করেছেন বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ আইয়ুব আলী।
উপজেলার একটি হাটের বাইরে টোল আদায়ের নামে চাঁদাবাজির অভিযোগ নিয়ে লাইভ করায় এমন পোস্ট করেন তিনি। একজন টেলিভিশন সাংবাদিককে পেশাগত দায়িত্ব পালনের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন মানহানিকর পোস্ট দেয়ার তীব্র নিন্দা জানিয়েছে বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি।
মঙ্গলবার বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক মোহন আখন্দ ও সদস্য সচিব মেহেরুল সুজন এক বিবৃতিতে বলেন, রোববার সন্ধ্যার পর উপজেলার বীরগ্রাম বাজারে হাটের বাইরে টোল আদায়ের নামে চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মীকে আটকে রাখেন স্থানীয় ব্যবসায়ীরা।
পরে দোকান মালিকদের মধ্যস্থতায় তারা সেখান থেকে চলেও যান। ঘটনার তথ্য জানতে ঘন্টা খানেক পর বীরগ্রাম বাজার এলাকায় যান একুশে টেলিভিশনের বগুড়া জেলা প্রতিনিধি একে আজাদ। সেখান থেকে তিনি ফেসবুক লাইভে স্থানীয়দের সাক্ষাৎকারসহ ঘটনার বিস্তারিত জানানোর চেষ্টা করেন। এর কিছুক্ষণ পর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী তার ফেসবুক আইডির টাইমলাইনে অশ্লীল গালিগালাজসহ সাংবাদিক আজাদকে নিয়ে আপত্তিকর পোস্ট করেন।
বিবৃতিতে রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালন করার কারণে একজন সাংবাদিকের প্রতি একজন রাজনৈতিক নেতার এমন আচরণ ও মন্তব্য মোটেও প্রত্যাশিত নয়। স্বেচ্ছাসেবক দল নেতা আইযুব আলী এর আগে ভুয়া টাকা পাবার দাবি করে উপজেলার এক শিক্ষকের মরদেহ আটকে রেখে টাকা ও চেক নেয়ার অভিযোগে, গণমাধ্যমের শিরোনাম হয়েছিলেন।
এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিককে নিয়ে কটুক্তি করে আবারো সমালোচনার জন্ম দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের এই নেতা। রিপোর্টার্স ইউনিটি মনে করে বারবার এমন বিতর্কিত কর্মকাণ্ড করে সংগঠনকে প্রশ্নবিদ্ধ করার দায়ে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দল আইয়ুব আলীর ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।

No comments