পূর্ব বিরোধের জেরে নারীকে এসিড নিক্ষেপ
নাটোরের গুরুদাসপুর উপজেলায় পূর্ব বিরোধের জেরে হালিমা বেগম (৫৫) নামে এক নারীকে এসিড নিক্ষেপ করে দগ্ধ করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বর্তমানে তিনি নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। দগ্ধ হালিমা বেগম ওই এলাকার মৃত শুকুন আলীর স্ত্রী।ভুক্তভোগী পরিবারের অভিযোগ, নাজিরপুর গ্রামের নজরুল ইসলামের সঙ্গে একটি শিশুকে কেন্দ্র করে স্থানীয় ওয়ার্ড সদস্য চামেলি বেগমের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে নজরুল ও তার সহযোগীরা প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে আসছিল বলে দাবি পরিবারের।
পরিবারের ভাষ্য অনুযায়ী, রবিবার মধ্যরাতে চামেলি বেগমের মা হালিমা বেগম বিশেষ প্রয়োজনে ঘর থেকে বের হলে নজরুল ও তার সহযোগীরা তাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে স্বজনরা দ্রুত উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।
নাটোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মাদ মুক্তাদির আরেফীন জানান, দগ্ধ হালিমা বেগমকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাকে প্লাস্টিক সার্জারি বিভাগে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments