গাবতলীতে যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন পলাশ
বগুড়ার গাবতলীঃ
বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের কালুডাংগা গ্রামে আধুনিক যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
২৩ ফেব্রুয়ারী সোমবার গাবতলীর কৃষি ও কৃষকের উন্নয়নের লক্ষ্যে প্রযুক্তিনির্ভর এ উদ্যোগের শুভ সূচনা করেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও গাবতলী কৃষি উদ্যোক্তা উন্নয়ন সমিতির প্রতিষ্ঠাতা এম আর হাসান পলাশ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এম আর হাসান পলাশ বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপণ সময় ও খরচ কমানোর পাশাপাশি উৎপাদন বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি কৃষকদের প্রযুক্তিনির্ভর চাষাবাদে আগ্রহী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, দুর্গাহাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুনুর রশিদ মামুন, শ্রমিক দলের সভাপতি বজলুর রশিদ, গাবতলী উপজেলা যুবদল নেতা স্বপন মণ্ডল, রাসেল মাহমুদ ও তরুণ উদ্যোক্তা নুরুন্নবী সিহানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সচেতন কৃষকবৃন্দ।
বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) সিডিআরসি প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করে গাবতলী কৃষি উদ্যোক্তা উন্নয়ন সমিতির সদস্যরা।
স্থানীয় কৃষকরা জানান, যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপণের মাধ্যমে শ্রম সংকট মোকাবিলা ও উৎপাদন ব্যয় কমানো সম্ভব হবে, যা কৃষিতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে তারা আশা প্রকাশ করেন।
No comments