শিরোনাম

যমুনা নদীতে বালু দস্যুদের হামলায় বিএনপি সভাপতিসহ আহত ৪

চ্যানেল টেন ডেস্কঃ

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়াকে কেন্দ্র করে গ্রামবাসীর ওপর হামলা চালিয়েছে সংঘবদ্ধ বালু দস্যুরা। এতে স্থানীয় বিএনপি সভাপতিসহ চারজন আহত হয়েছেন।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন পুকুরিয়া গ্রামের নইম উদ্দিনের ছেলে ও ভান্ডারবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বারিক (৫৫), আবু তালেবের ছেলে ও ওয়ার্ড যুবদলের সহসভাপতি শামীম মন্ডল (৩২), ভূতবাড়ি গ্রামের হযরত আলী (৫৬) এবং নিউসারিয়াকান্দি গ্রামের মোহাম্মাদ আলী জিন্নাহ (২২)।

আহতরা স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাজবাড়ি গ্রামের আব্দুল মান্নান ও সাদ্দাম হোসেনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে পুকুরিয়া এলাকায় যমুনা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

অবৈধ বালু উত্তোলনের কারণে এলাকার ফসলি জমি, বসতভিটা এবং নদীর ডান তীররক্ষা প্রকল্প হুমকির মুখে পড়েছে বলেও দাবি করেন গ্রামবাসী।

এ অবস্থায় ভান্ডারবাড়ি, পুকুরিয়া ও ভূতবাড়িসহ আশপাশের গ্রামের লোকজন বালু উত্তোলনে বাধা দিলে ক্ষুব্ধ হয়ে বালু ব্যবসায়ী মান্নান, সাদ্দাম ও তাদের সহযোগীরা হামলা চালায়। তাদের হামলায় বিএনপি নেতাসহ চারজন আহত হয়েছেন।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। তবে অভিযুক্ত আব্দুল মান্নান ও সাদ্দাম হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনা খাতুন বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

No comments