শিরোনাম

ভোলায় আচরণবিধি লঙ্ঘন ও হামলার অভিযোগে বিএনপির দুই নেতাকে জরিমানা

চ্যানেল টেন ডেস্কঃ

ভোলার চরফ্যাশনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘন এবং প্রতিপক্ষের কর্মীর ওপর হামলার অভিযোগে বিএনপির দুই নেতাকে জরিমানা এবং এক নেতাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উপজেলার ৮৮ নম্বর দক্ষিণ হাজারীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্থানীয় যুবদল নেতা হেলাল উদ্দিন টিপুকে আটক করে নৌবাহিনী। অভিযোগ রয়েছে, তিনি ভোটদান ব্যতীত কেন্দ্র এলাকায় প্রবেশ করেন। পরে তাকে কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসারের কাছে হস্তান্তর করা হয়।

প্রিজাইডিং অফিসার আরিফ রায়হান জানান, ভোটদান ছাড়া কেন্দ্র এলাকায় প্রবেশ না করার শর্তে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

এদিকে জামায়াতের এক কর্মীর ওপর হামলার অভিযোগে জিন্নাগর ইউনিয়ন যুবদল নেতা শাহাবুদ্দিন সবুজ (ব্যাটারি সবুজ) ও জিন্নাগর ৪ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মো. রায়হান উদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি, ভোলা-৪ এবং সিভিল জজ ভোলা মো. রাকিব মাহমুদের আদেশে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। আচরণবিধি লঙ্ঘন বা সহিংসতার ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

No comments