বগুড়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের পরিত্যক্ত কার্যালয় থেকে মরদেহ উদ্ধার
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া শহরের প্রাণকেন্দ্র এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ভাঙা ও পরিত্যক্ত কার্যালয় থেকে মো. হাসান (২৭) নামে এক চটপটি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত হাসান বগুড়ার ধুনট উপজেলার সোনামুখী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে শহরের ওই পরিত্যক্ত ভবনের ভেতরে এক ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এবিষয়ে বগুড়া সদর থানাধীন সদর ফাঁড়িতে কর্মরত সাব ইন্সপেক্টর (এস আই) রাজিব বলেন, লাশটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। তবে কী কারণে মারা গিয়েছে তা এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু।

No comments