শিরোনাম

কিশোরগঞ্জ-৪ আসনে আলোচনার শীর্ষে নারী প্রার্থী সিগমা

রকি হাসান, কিশোরগঞ্জ প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে ভোটারদের মধ্যে বাড়ছে ব্যাপক আগ্রহ ও আলোচনার ঝড়। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন হাওরের একমাত্র নারী সংসদ প্রার্থী কাজী রেহা কবির সিগমা। ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় এই প্রার্থীকে জাতীয় সংসদে দেখতে চান তৃণমূলের হাওরবাসী।

এলাকা ঘুরে ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাওরবাসীর মুখে মুখে এখন একটিই নাম—কাজী রেহা কবির সিগমা। বিশেষ করে তরুণ ভোটারদের কাছে তিনি হয়ে উঠেছেন আশা ও ভরসার প্রতীক। আধুনিক শিক্ষা, দূরদর্শী চিন্তাভাবনা ও জনমুখী নেতৃত্বগুণের মাধ্যমে ইতোমধ্যেই তিনি তিন উপজেলার মানুষের আস্থা অর্জন করেছেন।

কাজী রেহা কবির সিগমার রাজনীতি উন্নয়ন, সততা ও জনগণের অংশগ্রহণের দর্শনের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। একজন শিক্ষিত ও সচেতন নারী নেত্রী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে তৃণমূলের মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন। আধুনিক চিন্তাধারা ও বাস্তবভিত্তিক পরিকল্পনার মাধ্যমে তিনি এলাকার সমস্যাগুলো সমাধানের রূপরেখা তুলে ধরছেন।

কিশোরগঞ্জ-৪ আসনের সার্বিক উন্নয়নে তার পরিকল্পনার মধ্যে রয়েছে—শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অবকাঠামো উন্নয়ন। স্থানীয় বিশিষ্টজনদের মতে, সময় এসেছে এমন এক নেতৃত্বের, যিনি সততা ও মেধা দিয়ে হাওর অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন।

ভোটারদের ভাষ্য অনুযায়ী, তৃণমূল ও তরুণ সমাজের মধ্যে কাজী রেহা কবির সিগমার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। অনেকেই মনে করছেন, পরিবর্তনের এই সময়ে হাওরবাসীর প্রতিনিধিত্ব করতে পারেন একমাত্র নারী প্রার্থী সিগমাই।

হাওরবাসীর জন্য যেন নতুন সূর্যের আলো হয়ে উঠছেন কাজী রেহা কবির সিগমা—যার আলোয় উন্নয়ন, সম্ভাবনা ও আগামীর স্বপ্ন দেখছে কিশোরগঞ্জ-৪ আসনের মানুষ।

No comments