শিরোনাম

মুন্সীগঞ্জে নির্বাচন-পরবর্তী সংঘর্ষে যুবক নিহত

চ্যানেল টেন ডেস্কঃ

মুন্সীগঞ্জে নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় এক যুবকের মৃত্যু হয়েছে। সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ গ্রামে শুক্রবার দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জসিম নায়েব (৩৫) স্থানীয় বাসিন্দা। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভগ্নিপতি মো. দিদার।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর খবর তারা পেয়েছে এবং বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমেন অ্যান্ড অপারেশনস) মো. ফিরোজ কবির বলেন, ঘটনাস্থলের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনকে ঘিরে এলাকায় আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। ধানের শীষ প্রতীকের সমর্থক নাসির ডাক্তার ও শওকত আলী সরকারের সঙ্গে স্থানীয় মাফিক নায়েবের বিরোধ ছিল। নির্বাচনের ফল প্রকাশের পর বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। বিকেলের দিকে মাফিক নায়েবের বাড়িতে হামলার ঘটনাও ঘটে।

সংঘর্ষের সময় জসিম নায়েব গুরুতর আহত হন। তাকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

রাত ৯টা পর্যন্ত গ্রামে থেমে থেমে উত্তেজনা ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেলেও তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

পুলিশ জানায়, সকালে ঘটনাস্থলে গিয়ে তারা পারিবারিক বিরোধের তথ্য পেয়েছিল। তবে পরবর্তী সময়ে সংঘর্ষের বিষয়টি সামনে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

No comments