শিরোনাম

বগুড়ায় ২ জামায়াত নেতা গ্রেপ্তার

চ্যানেল টেন ডেস্কঃ

বগুড়ার নন্দীগ্রামে নির্বাচনী সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নন্দীগ্রাম পৌর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- নন্দীগ্রাম পৌর জামায়াতের বায়তুলমাল সম্পাদক এটিএম মুজাহিদ এবং উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক রাকিবুল ইসলাম।

থানা সূত্রে জানা যায়, নির্বাচনের আগে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পারশুন গ্রামে সহিংসতার ঘটনা ঘটে। ওই ঘটনায় মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদসহ কয়েকজন আহত হন। পাশাপাশি কয়েকটি বাড়িঘরে ভাঙচুরের অভিযোগ ওঠে।

এ ঘটনায় আহত মাসুদ রানা মজিদ নন্দীগ্রাম থানায় ৩৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় এটিএম মুজাহিদ ও রাকিবুল ইসলামের নামও অন্তর্ভুক্ত করা হয়

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের পর থেকেই আসামিরা পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

No comments