বিএনপি মিডিয়া সেলের প্রথম আহবায়ক এখন তথ্যমন্ত্রী
আওয়ামী দুঃশাসনের সময় চরম নির্যাতন সইতে হয়েছে বিএনপি সব পর্যায়ের নেতাকর্মীদের। বিএনপির ওপর চলা নির্যাতনের খবর খুব একটা আসতো না গণমাধ্যমে। খুব একটা প্রকাশ হতো না দলের বক্তব্য-বিবৃতিও। সেই সময় বিএনপির কথা তুলে ধরতে চালু হয় বিএনপি মিডিয়া সেল নামে সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক প্ল্যাটফর্ম। যা এক পর্যায়ে হয়ে ওঠে দলটির শক্তিশালী মুখপাত্র। শুরুতেই আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়ে এই সেলকে ঢেলে সাজান জহির উদ্দিন স্বপন। তিনিই এখন তারেক রহমানের সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
জহির উদ্দিন স্বপনের জন্ম বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকল গ্রামে। তিনি ১৯৭৫ সালে খুলনার সেন্ট জোসেফ্স উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পন্ন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন স্বপন। জহির উদ্দিন স্বপনের রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। আশির দশকে বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে তার ভূমিকা ছিল অগ্রগণ্য। ১৯৯৩ সালে তিনি বিএনপিতে যোগ দেন। পরবর্তীতে ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে বরিশাল-১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
তবে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে দলের সমর্থন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন জহির উদ্দিন স্বপন। যদিও পরে বিএনপির মনোনিত প্রার্থীকে সমর্থন জানিয়ে সেই নির্বাচন থেকে তিনি সরে দাঁড়ান। রাতের ভোটের নির্বাচন খ্যাত ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে আবারও বিএনপির মনোনয়ন পেলেও পরাজিত হন তিনি। সেসময় ভোট ডাকাতির মাধ্যমে বিএনপিকে নির্বাচনে হারিয়ে দেওয়া হলেও সেই আক্ষেপ প্রকাশেরও মাধ্যম পায়নি দলটি।
এমন বাস্তবতায় ২০২২ সালের ২০ জুন গঠন করা হয় বিএনপি মিডিয়া সেল। শুরুতেই সেই সেলের আহ্বায়কের দায়ীত্ব দেওয়া হয় তৎকালীণ দলের তথ্য ও গবেষণা সম্পাদক জহির উদ্দিন স্বপনকে। তার নেতৃত্বে খুব অল্প সময়ে সেলটি হয়ে ওঠে বিএনপির শক্তিশালী মুখপাত্র। উঠে আসে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকল ঘটনা। এছাড়াও জহির উদ্দিন স্বপন দলীয় চেয়ারপারসনের উপদেষ্টার দায়ীত্বও পালন করেছেন। ফ্যাসিস্ট সরকার পতনসহ বিভিন্ন আন্দোলন ও সংগ্রাম করতে গিয়ে তিনি কয়েকবার গ্রেফতার হয়ে কারাভোগও করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নিয়ে জহির উদ্দিন স্বপনের তৃতীয়বার সংসদে যাওয়া। এর আগে সংসদ সদস্য থাকাকালীন তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটি এবং সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তিনি ইতোপূর্বে দুই বার জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া বিশ্বব্যাপী আইনপ্রণেতাদের নেটওয়ার্ক ‘পার্লামেন্টারিয়ানস ফর গ্লোবাল অ্যাকশন (পিজিএ)’-এর এশিয়া অঞ্চলের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।
বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
জহির উদ্দিন স্বপন প্রথম বারের মতো মন্ত্রী পদ পেলেও দলের মিডিয়া সেল পরিচালনার মধ্যদিয়ে দায়ীত্ব পাওয়া মন্ত্রণালয়ের কাজে তিনি আগে থেকেই অভিজ্ঞতা অর্জন করেছেন। তাই যে প্রেক্ষাপটে তাকে মিডিয়া সেল পরিচালনা করতে হয়েছে সেই পরিস্থিতি থেকে গণমাধ্যমের উত্তোরণে জহির উদ্দিন স্বপন দৃষ্টান্তমূলক ভূমিকা রাখবেন এমনটাই প্রত্যাশা তার শুভাকাঙ্খিদের।

No comments