শিরোনাম

কক্সবাজারে মেসুত ওজিল ও এরদোয়ান পুত্র



চ্যানেল টেন ডেস্কঃ

কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় শিবির পরিদর্শনে করেছেন জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ছেলে নেকমেদ্দিন বিলাল এরদোয়ান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিলাল এরদোয়ানের নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায়।

এক দিনের এই সফরে তারা রোহিঙ্গাদের বর্তমান অবস্থা, চলমান মানবিক সহায়তা কার্যক্রম এবং তুরস্কের সহযোগিতার ক্ষেত্রগুলো পর্যালোচনা করবেন।

বিমানবন্দরে তাদের স্বাগত জানান জেলা প্রশাসক মো. আ. মান্নান ও পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান। পরে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে তারা উখিয়ার উদ্দেশে রওনা দেন।

সফরসূচি অনুযায়ী, প্রতিনিধিদলটি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়ে সমন্বয় সভায় অংশ নেবে। সেখানে রোহিঙ্গা শিবিরের সার্বিক পরিস্থিতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, খাদ্য সহায়তা এবং পুনর্বাসন উদ্যোগ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

পাশাপাশি উখিয়ার ৪, ৫, ৯, ১৬ ও ১৭ নম্বর আশ্রয়শিবির পরিদর্শন করবেন তারা। শিবিরে বসবাসরত রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন মানবিক প্রকল্প ঘুরে দেখার পরিকল্পনাও রয়েছে।

সফর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিবির পরিদর্শন শেষে প্রতিনিধিদলের সদস্যরা ঘুমধুমের ইয়াহিয়া গার্ডেনের টিকা কিচেন সেন্টারে ইফতারে অংশ নেবেন। সেখানে স্থানীয় পর্যায়ে পরিচালিত খাদ্য সহায়তা কার্যক্রমও তারা পর্যবেক্ষণ করবেন।

প্রতিনিধিদলের সঙ্গে রয়েছেন তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা টিকারের সভাপতি আব্দুল্লাহ এরেন, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।

উল্লেখ্য, রোহিঙ্গা সংকট শুরুর পর থেকে তুরস্ক বিভিন্নভাবে মানবিক সহায়তা দিয়ে আসছে। এই সফরকে সেই সহায়তা কার্যক্রমের ধারাবাহিকতা ও বাস্তব পরিস্থিতি সরেজমিন দেখার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

No comments