আতশবাজির দোকানে বিস্ফোরণে প্রাণ গেলো ১২ জনের
চ্যানেল টেন ডেস্কঃ
চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে একটি আতশবাজির দোকানে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, লুনার নববর্ষ উদযাপনের সময় এ নিয়ে দ্বিতীয় বারের মতো মারাত্মক বিস্ফোরণের ঘটনা ঘটলো।
স্থানীয় সময় বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে জিয়াংইয়াংয়ে একটি আতশবাজির দোকানে বিস্ফোরণ ছড়িয়ে পড়ে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়ার তথ্যমতে, জরুরি কর্মীরা দুর্ঘটনার পরপরই আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।
কর্তৃপক্ষ কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণে পাঁচ শিশু এবং সাত প্রাপ্তবয়স্ক নিহত হয়েছেন। হতাহতদের মধ্যে দোকানের মালিক এবং ছুটির দিন উদযাপনের জন্য আতশবাজি কিনতে আসা গ্রাহকরাও রয়েছেন। কেউ কেউ উৎসবের সময় আত্মীয়দের সঙ্গে দেখা করতে অন্যান্য এলাকা থেকে এসেছিলেন।
চীনজুড়ে লুনার নববর্ষের ঐতিহ্যের একটি দীর্ঘস্থায়ী অংশ হয়ে উঠেছে আতশবাজি। এর মাধ্যমে সমৃদ্ধি অর্জন এবং দুর্ভাগ্য এড়ানো সম্ভব হলে ধারণা করা হয়।
ভারতের যৌনপল্লি থেকে যেভাবে উদ্ধার হলো ১১ বাংলাদেশি নারী
তবে আতশবাজির ব্যাপক ব্যবহারের ফলে বারবার নিরাপত্তা সংক্রান্ত ঘটনাও ঘটছে। গত রোববার জিয়াংসু প্রদেশের একটি আতশবাজির দোকানে একটি বিস্ফোরণে আটজন নিহত এবং দুজন আহত হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের আগে এক বাসিন্দা ভবনের কাছে আতশবাজি পোড়ান।
এসব দুর্ঘটনার পর চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় নতুন করে নিরাপত্তা সতর্কতা জারি করেছে। মঙ্গলবার এক বিবৃতিতে, মন্ত্রণালয় বলেছে যে বসন্ত উৎসবের সময় আতশবাজি এখনো সবচেয়ে বড় ঝুঁকি এবং বিভিন্ন আঞ্চলিক সরকারকে তদারকি জোরদার করার আহ্বান জানানো হয়েছে।
No comments