ঢাকা বিশ্ববিদ্যালয়কে ২ কোটি টাকা দিল বিসিবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠ আধুনিকায়ন ও উন্নয়নের জন্য ২ কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান–এর হাতে অনুদানের চেক তুলে দেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।
বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চেক হস্তান্তর অনুষ্ঠানে জাতীয় ক্রীড়া পরিষদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি সাদিক কাইয়ুমসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন এবং বিসিবির ঘরোয়া ক্রিকেটের ভেন্যু সংকট নিরসনের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে শিগগিরই ডাকসু ও বিসিবির মধ্যে একটি আনুষ্ঠানিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। চুক্তি অনুযায়ী, প্রতি ক্রিকেট মৌসুমে অন্তত ১০০ দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মাঠ ব্যবহার করতে পারবে বিসিবি। সেখানে বয়সভিত্তিক দলসহ ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন স্তরের ম্যাচ ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

No comments