হাতিয়ায় ধর্ষণ অভিযোগ ঘিরে ধূম্রজাল, তদন্তে পুলিশ
চ্যানেল টেন ডেস্ক ঃ
নোয়াখালীর হাতিয়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক ধোঁয়াশা ও রাজনৈতিক উত্তেজনা। এ ঘটনাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি স্থানীয়ভাবে অভিযোগ তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিরুদ্ধে। তবে পুলিশ বলছে, এখন পর্যন্ত ধর্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় নেতা হান্নান মাসউদ দাবি করেন, নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়ার কারণে ওই গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। হাসপাতালে গিয়ে তিনি ভুক্তভোগীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং ঘটনার বিচার দাবি করেন।
অন্যদিকে স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতারা অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তাদের বক্তব্য, রাজনৈতিকভাবে দলকে হেয় করতে পরিকল্পিতভাবে মিথ্যা নাটক সাজানো হচ্ছে। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে বলেছেন, সত্য উদ্ঘাটিত হলে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।
পুলিশ সূত্র জানায়, গত ১৪ ফেব্রুয়ারি দুপুরে মারামারির ঘটনায় আহত হয়ে কয়েকজনের সঙ্গে ওই নারী নোয়াখালী জেনারেল হাসপাতাল-এ চিকিৎসা নিতে আসেন। পরে বিকেলে আবার হাসপাতালে এসে ধর্ষণের অভিযোগ তোলেন। চিকিৎসা সংক্রান্ত কাগজপত্রে অসঙ্গতি পাওয়ায় ঘটনাটি আরও জটিল হয়ে উঠেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জেলা পুলিশ বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর তাৎক্ষণিক তদন্ত শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি এবং ভুক্তভোগীর পূর্ণাঙ্গ শারীরিক পরীক্ষাও সম্পন্ন হয়নি। প্রশাসন জানিয়েছে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের চেষ্টা চলছে।
No comments